ঘোষণাপত্র
শিশু-কিশোর-কিশোরীরা বিশ্বের আশা এবং জাতির আগামী দিনের কর্ণধার। বাংলাদেশের শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন। খেলাঘর সেই বিকাশের জন্যে কাজ করবে।
শিশুর শারিরিক পরিপুষ্টির জন্যে যেমন দরকার সুষম খাদ্য ও মুক্ত আলো-বাতাস, তেমনি মানসিক পরিপুষ্টির জন্যে দরকার সংস্কারমুক্ত উদার পরিবেশ। অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা-বর্জন এবং বৈজ্ঞানিক ধ্যান-ধারণা ও যুক্তিবাদী চেতনা প্রসারের মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সেই বাঞ্ছিত পরিবেশ। খেলাঘর তাই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী চেতনার প্রসার এবং বিজ্ঞানচর্চায় বিশ্বাসী।
খেলাঘর শিশু-কিশোর-কিশোরীদের শরীর গঠনের জন্যে খেলাধুলার পক্ষপাতী এবং এদের সুকুমার বৃত্তিসমূহের বিকাশের জন্যে সব রকম সৃজনশীল কর্মকান্ডে উৎসাহী।
খেলাঘর শিশু-কিশোর-কিশোরীদের সাংস্কৃতিক ও নৈতিক মান উন্নয়ন করে; বয়স্কদের শ্রদ্ধা করতে শেখায় এবং সকল প্রকার অন্যায়, অত্যাচার, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি ও অনৈতিক কার্যকলাপের প্রতি চরম ঘৃণা প্রকাশ করে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সমতাবোধের আদর্শ প্রতিষ্ঠা করতে খেলাঘর বদ্ধপরিকর।
দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শেখায় খেলাঘর। ভালোবাসতে শেখায় দেশের ঐতিহ্যকে। মাতৃভাষাকে সে প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে করে এবং মাতৃভাষা ও মাতৃভূমির জন্যে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য খেলাঘর অঙ্গীকারাবদ্ধ।
খেলাঘর আগামী দিনের একটি সুন্দর ও শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখে, তাই খেলাঘর পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের পক্ষে, শান্তির পক্ষে এবং সেই সঙ্গে ভালোবাসতে শেখায় পৃথিবীর সকল মানুষকে।
বিশ্বের সকল শিশু ও কিশোর-কিশোরী ভাই-বোনের মধ্যে সৌহার্দ্য ও প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠায় খেলাঘর সচেষ্ট। শিশু ও কিশোর-কিশোরীদের সচেতন, সুশৃঙ্খল ও সুন্দর জীবন গঠনে যা কিছু অন্তরায়, তা অপসারণের জন্যে খেলাঘর ব্যাপক ও গঠনমূলক আন্দোলন গড়ে তুলবে। খেলাঘর শিশুর হাসিতে উজ্জ্বল জীবন গঠনের জন্যে নিরলস কাজ করে যাবে।